Cvoice24.com

টেকনাফে এক রাতে মিলল ১৩ কোটি টাকার ইয়াবা 

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে এক রাতে মিলল ১৩ কোটি টাকার ইয়াবা 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তে অভিযান দুটি পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। 

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে চলে যান। পরে পলিব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

অন্যদিকে, ভোররাত ৩টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৪০টি প্যাকেট থেকে ৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম দুটি অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।