Cvoice24.com

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
২১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কটের সঙ্গে পর্যটকরা সাজেকের উদ্দেশে রওনা হন। বাঘাইহাট বাজার এলাকা অতিক্রমের সময় ওই ছয় পর্যটক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাজেক থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭)।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। বর্তমানে তারা সাজেক থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।