Cvoice24.com

রামগড়ে মদের নেশায় মাতাল হয়ে দুইজনের ‘জেলযাত্রা’

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
২৩:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৬
রামগড়ে মদের নেশায় মাতাল হয়ে দুইজনের ‘জেলযাত্রা’

খাগড়াছড়ির রামগড়ে মদের নেশায় মাতাল হয়ে রাস্তায় মাতলামি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে নেশার ঘোর কাটার আগেই অবশ্য তাদের ঠাঁই হয়েছে কারাগারে। আদালতের রায়ে দুজনকেই দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রামগড় পৌরসভার ফেনীরকুল স্কেল রোডের সামনে থেকে তাদের আটক করে রামগড় থানা পুলিশ।

আটকরা হলেন— ভূজপুর থানার পুরান রামগড় এলাকার বতি আহাম্মদের ছেলে নুরুল আমিন (৬০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুর রব বাবুল (৩৯)।

পুলিশ জানায়, ফেনী নদীরকুল স্কেল রোডসংলগ্ন তাজু সওদাগরের দোকানের সামনে পাকা সড়কে দুই ব্যক্তি মদ পান করে মাতলামি করছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে দুইজনকেই মাতাল অবস্থায় পাওয়া যায়। পরে তারা মাদকদ্রব্য সেবনের কথা স্বীকার করলে ‘মাতলামির আসর’ সেখানেই শেষ করে তাদের আটক করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ আনা হয়। নেশার ঘোর কাটিয়ে আদালতে পৌঁছানোর পর অবশ্য রায়টা তাদের জন্য সুখকর হয়নি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আসামিদের আদালতে পাঠানো হলে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসেনের আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে দুজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

অর্থাৎ, শুক্রবার রাতে যে নেশায় তারা রাস্তায় মাতাল হয়েছিলেন, শনিবার সেই নেশার ‘মাশুল’ হিসেবে শুরু হলো দুই দিনের জেলযাত্রা।