বিজিবিকে দেখে গরু ফেলে ভারতে পালালেন দুই চোরাকারবারি
রামগড় প্রতিনিধি
ভারত থেকে তিনটি গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকেছিলেন দুই ব্যক্তি। তবে বেশি দূর এগোতে পারেননি। বিজিবির টহলদল তাঁদের চ্যালেঞ্জ করতেই গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যান তাঁরা। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু আটক করে বিজিবি।
রবিবার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর কয়লারমুখ বিওপির টহলদল গরুগুলো আটক করে।
বিজিবি জানায়, রাত ১০টার দিকে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকায় অবস্থান নেন টহলদলের সদস্যরা। চোরাচালান প্রতিরোধে তারা সেখানে নজরদারি করছিলেন।
রাত ১১টার পর ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে তিনটি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। তারা আরও কিছুটা এগিয়ে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করলে টহলদলের সদস্যরা তাদের থামতে বলেন। এ সময় গরুগুলো ফেলে দুই ব্যক্তি সীমান্তের ওপারে ভারতের দিকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে পড়ে থাকা তিনটি গরু জব্দ করে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, সীমান্তে চোরাচালান ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি চলছে। চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকার বাসিন্দাদেরও চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পাহাড় সব খবর















