Cvoice24.com

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৩:৪৪, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য পুনর্নির্ধারণ করা হলেও বর্তমান সূচিতে এবারও সিরিজটি মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বরং সিরিজটি আয়োজনের জন্য সম্ভাব্য নতুন সময় বের করতে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৩০ আগস্ট) ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের ব্যাপারে দুই বোর্ডই আন্তরিক। উপযুক্ত সময়সূচি খুঁজে বের করতে নিয়মিত আলোচনা চলছে।

তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি—দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’

মূলত দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণেই নতুন করে সিরিজের সময় বের করা কঠিন হয়ে পড়েছে বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’

২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে দুই বোর্ডের আলোচনার পর সফরটি এক বছরের বেশি সময় পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়।

কিন্তু বর্তমান আন্তর্জাতিক সূচি ও দুই দেশের ব্যস্ততার কারণে সেপ্টেম্বরেও সিরিজটি আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এর মধ্যে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও আলোচনায় রয়েছে।

তবে সিরিজ বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তামিম। তার মতে, দুই বোর্ডের ইতিবাচক মনোভাব থাকায় শেষ পর্যন্ত একটি উপযুক্ত সময় বের করা সম্ভব হতে পারে।

তামিম বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

ছয় ম্যাচের এই সিরিজটি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ প্রতীক্ষিত। এখন দুই বোর্ডের আলোচনার ওপরই নির্ভর করছে সিরিজটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। তবে নতুন সূচি চূড়ান্ত করার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।