সেন্ট প্ল্যাসিডস স্কুলে আন্তঃশ্রেণী বাস্কেটবল
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের (এসপিএসসি) আন্তঃশ্রেণী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির ‘এ’ দল। রানারআপ হয়েছে নবম শ্রেণির ‘সি’ দল।
এদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠ শ্রেণির ‘ই’ দল। এই গ্রুপে রানারআপ হয়েছে ষষ্ঠ শ্রেণির ‘বি’ দল।
১০ দিনব্যাপী এ প্রতিযোগিতা সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির মোট ২৪টি দল অংশ নেয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্যামুয়েল সবুজ বালা, সিএসসি।
এ সময় বিদ্যালয়ের শ্রেণিশিক্ষক, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ স্যামুয়েল সবুজ বালা বলেন, ‘উচ্ছ্বাসের সঙ্গে খেলো, সম্মানের সঙ্গে প্রতিযোগিতা করো এবং একসঙ্গে বেড়ে ওঠো। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে তাদের অসাধারণ পারফরম্যান্স, নিষ্ঠা, শৃঙ্খলা ও প্রতিযোগিতার প্রকৃত চেতনার জন্য অভিনন্দন।’
তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দল, খেলোয়াড়, শিক্ষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফল ও স্মরণীয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যক্ষ আরও বলেন, খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা ক্রীড়াসুলভ মনোভাব, দলবদ্ধতা, শৃঙ্খলা ও শ্রেষ্ঠত্বের চেতনা কোর্টের বাইরেও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
খেলাধুলা সব খবর















