Cvoice24.com

মৃত্যু বেড়ে ৪
কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৯, ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার পর্যটকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত পর্যটকের নাম হারুন। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। স্বজনেরা তার মরদেহ শনাক্ত করেছেন। পরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, বুধবার বিকেলে পেঁচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান কয়েকজন পর্যটক। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হলো আরও একজনের মরদেহ। এখনো নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, গত দুই দিনে চার পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, স্থানীয় লোকজনের নিষেধ সত্ত্বেও পর্যটকেরা ওই স্থানে পানিতে নেমেছিলেন। সংশ্লিষ্ট রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।