Cvoice24.com

নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: তানভীরকে প্রধান আসামি করে মামলা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৩৯, ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রবিবার (১৮ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, শনিবার সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন— ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মেলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিয়া কবির (৩৩), পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ, ঢাকার সাভারের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন বিলাস স্কুলের’ শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামী, জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।

নিহতদের মধ্যে নাফিস তেহামী জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, লায়লা জাহান নাবিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভী রয়েছেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নাফিস তেহামী, নাবিলা, মালিহা ও আলভী পরস্পরের কাজিন। ফারিহা কবির ছিলেন নাফিসের বড় বোন এবং শিশু ফায়িজান তার ভাগ্নে। পরিবারের নয়জন সদস্য বেড়াতে গিয়ে ওই রিসোর্টে উঠেছিলেন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাফিস তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর তথ্য জানান।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।

অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। অন্য একজন পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে।