Cvoice24.com

রামুতে বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার ও পাইপ জব্দ

কক্সবাজার প্রতিনিধি
১৫:৫৩, ১৪ অক্টোবর ২০২৬
রামুতে বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার ও পাইপ জব্দ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী ও স্পেশাল ফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে একটি চক্র এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বন বিভাগ অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে।

অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা বালুমহালটি ইজারা নেওয়ার পর স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে উপ-ইজারা দেন। এরপর ওই চক্রটি নিয়মনীতি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুরুল হকের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার বলেন, ‘বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কক্সবাজার সব খবর