Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২৯, ১১ অক্টোবর ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. ওমাইর নামের চার বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/১৩ ব্লকে একটি ময়লার ট্যাংকির পাশে টিনের বেড়ার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমাইর ওই ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ওমাইর নিখোঁজ ছিল। এ বিষয়ে শিশুটির পরিবার ও ব্লক হেড মাঝি পুলিশকে অবহিত করেন। পরে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন।

শুক্রবার (৯ অক্টোবর) শিশুটির বাবা অভিযোগ করেন, আব্দুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন। এ অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় শনিবার দুপুরে আব্দুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহমান শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে বসতঘরসংলগ্ন একটি ময়লার ট্যাংকির পাশে টিনের বেড়ার ভেতর থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়েছিল। তবে হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

জামতলী পুলিশ ক্যাম্প-১৫-এর পরিদর্শক তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, মরদেহ উদ্ধারের পর উখিয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কক্সবাজার সব খবর