Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ যুবক আটক, পালালেন দুজন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩৬, ১১ অক্টোবর ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ যুবক আটক, পালালেন দুজন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-১ ওয়েস্টের সি/৯ ব্লকে এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনাকালে মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে কয়েকজনের সন্দেহজনক তৎপরতা দেখতে পান। এ সময় সৈয়দুল করিম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।

আটক সৈয়দুল করিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি-৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

কক্সবাজার সব খবর