আহত আরও ৪
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— এনায়েত উল্লাহ এবং সজীব। এরমধ্যে এনায়েত উল্লাহ দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেফায়েত উল্লাহর ছেলে। আর সজীবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
আহতরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন।
অন্য আহত ব্যক্তিদের চাকমারকুলে সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি পাননি।
কক্সবাজার সব খবর















