Cvoice24.com

টেকনাফে দেশীয় মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২৩:২৮, ১০ অক্টোবর ২০২৬
টেকনাফে দেশীয় মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে দেশীয় মদসহ আটক ১২ রোহিঙ্গাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পাশে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, একটি কালো রঙের হাইয়েস গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বোতলে মোট এক লিটার দেশীয় মদ পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।