Cvoice24.com

উখিয়ায় ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

উখিয়া প্রতিনিধি
১৭:৪৪, ৬ অক্টোবর ২০২৬
উখিয়ায় ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিজ ঘর থেকে মোহাম্মদ হানিফ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে। হানিফ ওই গ্রামের মো. আলী আহমদের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, সকালে ঘরের ভেতর হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।