নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: শামীম
সিভয়েস২৪ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন।
শনিবার বান্দরবান ও কক্সবাজারে বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা তাঁদের পাশে থাকবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় পরিচয় কারও অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না। রাষ্ট্র পরিচালিত হবে সব মানুষের অংশগ্রহণে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শামীম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভেদ সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। শামীম বলেন, কিছু দুষ্ট লোক মানুষের মধ্যে বিদ্যমান ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্য নষ্ট করার চেষ্টা করতে পারে। তাদের প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় জানানো হয়, এবার জেলায় ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এবং বান্দরবান কেন্দ্রীয় পূজামন্দিরের সভাপতি রাজেশ্বর চৌধুরী ও সাধারণ সম্পাদক রিটল বিশ্বাস।
অন্যদিকে শনিবার বিকেলে কক্সবাজার সদরের ব্রাহ্ম মন্দিরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শামীম। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য শামীম আরা স্বপ্না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিপ্লব দে পার্থ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর, কক্সবাজার দুর্গাপূজা সমন্বয় কমিটির আহ্বায়ক দুলাল চক্রবর্তী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কুতুবদিয়া বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চেয়ারম্যান, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলার সভাপতি দীপক শর্মা দিপু, সংগঠনটির সাবেক সভাপতি স্বপন পাল নাজির, কক্সবাজার জেলা পূজা কমিটির সমন্বয় কমিটির সদস্যসচিব অরুপ শর্মা, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতারা।
কক্সবাজার সব খবর















