Cvoice24.com

উখিয়ায় শিকারিদের ফাঁদে আটকা ১২ বক উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৭, ৮ অক্টোবর ২০২৬
উখিয়ায় শিকারিদের ফাঁদে আটকা ১২ বক উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বক শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফাঁদে আটকে থাকা ১২টি বক উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় বক শিকারে ব্যবহৃত ফাঁদ, জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে শিকারিদের ব্যবহৃত আস্তানাও।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উখিয়া রেঞ্জের মাসকারিয়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ককশিট দিয়ে তৈরি নকল বক ব্যবহার করে পাখি শিকারের ফাঁদ, জালসহ বিভিন্ন শিকারসামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি শিকারিদের ব্যবহৃত আস্তানা ধ্বংস করা হয়। এ সময় ফাঁদে আটকে থাকা ১২টি বক উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণে অবৈধ শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বকসহ অন্যান্য বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’