সেন্টমার্টিনে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী আটকা, আহত ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে একজন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা (হাঁটুর সামনের হাড়) স্থানচ্যুত হওয়ায় উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে দ্বীপে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
এদিকে কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। কবে নাগাদ ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
আটকে পড়া ব্যক্তিদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
জাবিপ্রবির ৩১ জনের দলে রয়েছেন দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপেই আটকা পড়েন তারা।
জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাদের জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার খবর দেওয়া হয়। এতে তারা বিপাকে পড়েছেন।
আটকে পড়া এক শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, তাদের এক সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি চলমান একাডেমিক ইন্টার্নশিপও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়টিও তারা জানতে পেরেছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা দ্বীপে নেই।
কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এই মুহূর্তে তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগ।
কক্সবাজার সব খবর















