সাতকানিয়ায় জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতকানিয়া আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়ে সাতকানিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে থানার সামনে আয়োজিত সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর হামিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ও কামরুল ইসলাম এবং এওচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, এওচিয়ায় জামায়াতের দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ জাকারিয়া ও মুহাম্মদ জাকারিয়ার ওপর মুখোশধারীদের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, মুখোশের আড়ালে হামলা চালিয়ে অপরাধীরা যেন পার পেয়ে না যায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা হামলার শিকার নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাদের মতে, ভয়ভীতি বা হামলার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড দমিয়ে রাখা যায় না। আইনের শাসন, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













