লোহাগাড়ায় আধুনগর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গ্রাম আদালত নিয়মিত না বসানোয় অধিকাংশ মামলা দীর্ঘদিন অনিষ্পন্ন থাকা এবং ইউপি সদস্যদের ২১ মাস ধরে বেতন-ভাতা না দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ৫ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, আধুনগর ইউনিয়ন পরিষদের রেজিস্টারভুক্ত অধিকাংশ গ্রাম আদালত মামলা নিয়মিত আদালত না বসানোর কারণে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্যরা দীর্ঘ ২১ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না—এমন অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তার কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যান নাজিম উদ্দিনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান নাজিম উদ্দিন। তিনি বলেন, “আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, সেখানে উত্থাপিত অভিযোগের একটিও নেই।”
ইউএনও মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি চট্টগ্রাম জেলা প্রশাসক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












