চন্দনাইশে মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সড়ক দখল করে ব্যবসা করার দায়ে সাত ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট ও খাঁনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার শুভাশীষ চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন, গাছবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একই সময়ে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













