Cvoice24.com

শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করবেন মেয়র

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:২১, ৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করবেন মেয়র

শিক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্কুলসংলগ্ন ফুটপাত ও চলাচলের পথ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চলার পথে কোনো ধরনের ব্যবসা বা অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। দখলদারদের নিজেদের উদ্যোগে এসব সরিয়ে নিতে হবে, না হলে সিটি করপোরেশন অভিযান চালাবে।’

বুধবার (৭ অক্টোবর) নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি চাই না ফুটপাতে কেউ ব্যবসা করুক। শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের সময় যাতে কোনো সমস্যায় না পড়ে, সেজন্য ফুটপাত ও চলাচলের পথ দখলমুক্ত করতে হবে। এগুলো সরিয়ে নিতে হবে। আমি অভিযান চালাব।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; শিক্ষক, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটি এবং সমাজের দায়িত্বশীল নাগরিকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। স্কুলের আশপাশে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও ইভটিজারদের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না।’

মেয়র বলেন, ‘আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে— এটা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। কয়েকদিন ধরে জ্বর থাকলে সেটিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরে লালচে দাগ, রক্তচাপ কমে যাওয়া, রক্তবমি কিংবা পায়খানা ও প্রস্রাবে রক্ত দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।’

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহানগর পিপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, সাবেক নারী কাউন্সিলর ও নারী অভিভাবক সদস্য জেসমিন খানম এবং অভিভাবক সদস্য দিদারুল আলম চৌধুরী ও রাশেদুল ইসলাম।