বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু আর নেই
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু (৬১) আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির কোরবান আলী সওদাগরের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আবু। তিনি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে টানা ১৩ বছর দায়িত্ব পালন করেন।
বোয়ালখালী পৌরসভা গঠনের পর ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর প্রায় সাত বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনেও সক্রিয় ছিলেন আবুল কালাম আবু। পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন আবুল কালাম আবু। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে দেশে ফিরিয়ে এনে মহানগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













