রদবদল আরও ২ থানায়
খুলশীর ওসি নিয়ে মেয়রের প্রশ্ন, কয়েক ঘণ্টা পরই বদলি
সিভয়েস২৪ প্রতিবেদক
‘আ.লীগ আমলের ওসি কীভাবে খুলশী থানার দায়িত্বে’— বুধবার সকালে এমন প্রশ্ন তোলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এর কয়েক ঘণ্টা পরই খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে নগরের আরও দুই থানার ওসি পদেও রদবদল করা হয়।
বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়। খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মাথায় তাকে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মাথায় তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
এর আগে, বুধবার সকালে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ঈদগাঁ রূপসা বেকারি এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে চসিকের ক্রাশ প্রোগ্রামে গিয়ে খুলশী থানার ওসি আবদুর রহিমকে নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত হোসেন।
মেয়র বলেন, আবদুর রহিম আওয়ামী লীগ সরকারের সময়ে বাকলিয়া থানার ওসি ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি কীভাবে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন— এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মেয়রের অভিযোগ, বাকলিয়া থানায় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হয়নি। একই সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার কামরুলকে অন্যদের নাম বলানোর জন্য মারধর করা হয়েছিল বলেও অভিযোগ করেন মেয়র। আওয়ামী লীগবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মেয়রের এসব বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই খুলশী থানার ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে বদলির আদেশ আসে। তবে মেয়রের বক্তব্যের সঙ্গে বদলির সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘জনস্বার্থে’ বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর খুলশী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় ওসি আবদুর রহিম জানিয়েছিলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














