Cvoice24.com

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৩ বসতঘর

মিরসরাই প্রতিনিধি
২১:২২, ৬ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে আগুনে পুড়ল ৩ বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গেড়ামারা বাদামতলী শাহাব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন মো. ছোবহান, তাঁর ছেলে সোহেল ও ইকবাল। পরিবারের দাবি, আগুনে স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকার বেশি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আকাশ বলেন, দুপুর ১২টার দিকে বসতঘরের দক্ষিণ-পশ্চিম কোণে বিদ্যুতের মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, গেড়ামারা এলাকায় ছোবহানের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে আড়াই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।