মাদক ছাড়ুন, নইলে বাড়িতে টাঙবে ‘মাদক বিক্রি হয়’ ব্যানার
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছাড়ার আহ্বান জানিয়ে ব্যতিক্রমী ঘোষণা দেওয়া হয়েছে। মাদক না ছাড়লে সংশ্লিষ্টদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা জানানো হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব বাজারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
র্যালিতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, এতে অন্তত তিন হাজার শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আওলাদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামী ও ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. সানাউল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে।
তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















