Cvoice24.com

আদালতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত: গ্রেপ্তার আরো ১

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৩৯, ৬ অক্টোবর ২০২৬
আদালতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত: গ্রেপ্তার আরো ১

চট্টগ্রাম আদালতের এজলাসকক্ষে ব্যবসায়ী মো. নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বায়েজিদ থানার পাহাড়ি আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন সোহেলকে গ্রেপ্তার করা হয়েছিল। 

গ্রেপ্তার ইলিয়াস হোসেন প্রকাশ অপু মহানগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অপুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে একটি মামলার শুনানি চলাকালে নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, একটি মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করতে আদালতে গেলে আসামিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

পরে বিচারকের নির্দেশে দায়িত্বে থাকা পুলিশ রক্তাক্ত নুরুল কবিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পরদিন নুরুল কবিরের স্ত্রী রুনা আক্তার রূপা বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ইলিয়াস হোসেন প্রকাশ অপু, মো. ইমরান, মো. আনোয়ার, জয়নাল আবেদীন সোহেল, কুলসুমা আক্তার ও উর্মি আক্তারকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জুবাইদুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি জয়নাল আবেদীন সোহেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে ২৭ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার ৭ নম্বর ওয়ার্ডের হাদুমাঝিপাড়া এলাকার একটি বিলের মাঝখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াস হোসেন প্রকাশ অপু পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংস্থাটি জানায়,  সিডিএমএস পর্যালোচনা করে জয়নাল আবেদীন সোহেলের বিরুদ্ধে পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির ঘটনায় পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।