Cvoice24.com

অভিযোগের পরও সভাপতি পদে মনোনয়ন, অপসারণ দাবিতে শিক্ষা বোর্ডে বিক্ষোভ

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:২২, ৫ অক্টোবর ২০২৬
অভিযোগের পরও সভাপতি পদে মনোনয়ন, অপসারণ দাবিতে শিক্ষা বোর্ডে বিক্ষোভ

সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আয়োজিত কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, স্থানীয় ছাত্র ও অভিভাবক অংশ নেন।

সমাবেশে সাতকানিয়া উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জাকির হোসেন রাব্বি, স্থানীয় ছাত্র-অভিভাবক আবুল হোসেন, ছাত্রনেতা শওকত ও রিদওয়ানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ইসহাককে মনোনয়নের আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছিল। তাদের দাবি, গত ২২ তারিখে অভিযোগ দাখিলের পর ২৪ তারিখে ইসহাককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

তাদের অভিযোগ, শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের পরও অভিযোগ থাকা সত্ত্বেও এমন নিয়োগ গ্রহণযোগ্য নয়। তারা সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহাপরিদর্শক সরোয়ারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।