Cvoice24.com

কোরআনই সুন্দর জীবনের সংবিধান: ডা. শাহাদাত

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:২৩, ৬ অক্টোবর ২০২৬
কোরআনই সুন্দর জীবনের সংবিধান: ডা. শাহাদাত

কোরআনকে সুন্দর জীবনের সংবিধান হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা অনুসরণ করলে ইহকাল ও পরকালে শান্তি ও কল্যাণ লাভ করা সম্ভব।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মহানগরের চামড়াগুদাম মোড়ে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম মাহফিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘কোরআন আমাদের জীবনকে সুন্দর করার একটি সংবিধান। এই সংবিধান যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইহকাল ও পরকালে শান্তি ও কল্যাণ লাভ করতে পারব।’

তিনি বলেন, কোরআনের প্রথম নির্দেশের মধ্যেই জ্ঞানের গুরুত্ব রয়েছে। কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করে মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণময় করা সম্ভব।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমি সবসময় একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটির কথা বলি।’ এমন একটি শহর গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিরাপদ ও সুন্দর পরিবেশে চলাচল করতে পারবেন এবং রাস্তায় ময়লা থাকবে না।

নগরবাসীর দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাস্তারও হক রয়েছে। রাস্তায় কলার খোসা, কুকুরের মল, ইট-পাথরসহ মানুষের চলাচলে ক্ষতিকর কোনো বস্তু পড়ে থাকলে তা সরিয়ে ফেলতে হবে। নিজে সরানো সম্ভব না হলে অন্যদের সহযোগিতা নিতে অথবা সিটি করপোরেশনকে জানাতে হবে।

তিনি আরও বলেন, ডাস্টবিন থাকা সত্ত্বেও যেখানে-সেখানে ময়লা ফেলা উচিত নয়। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি ব্যবসায়ী, বাসিন্দা ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলী আহমদ সওদাগরের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে তকরির করেন প্রিন্সিপাল মুফতি ওসমান গনি রেজভী, আল্লামা এনাম রেজা আল কাদেরী ও মুফতি শহীদুল্লাহ বাহাদুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি যুবদল কোতোয়ালি থানা সভাপতি নুর হোসেন নুরু।