Cvoice24.com

পাচারের আগেই পতেঙ্গায় জব্দ ৪০ হাজার কেজি সিমেন্ট

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৩৯, ৬ অক্টোবর ২০২৬
পাচারের আগেই পতেঙ্গায় জব্দ ৪০ হাজার কেজি সিমেন্ট

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। একইসঙ্গে পাচারে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ছেড়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট ও কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।