ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরে ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে আল আমিন সরদার নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায়, রবিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন সরদার। এ সময় ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
আল আমিন সরদার সিএমপি পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিএমপির তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।
কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















