Cvoice24.com

এনসিটি ইজারা বাতিল দাবি 
মূল ফটকে অবস্থান বন্দর রক্ষা কমিটির 

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:৩৯, ৫ অক্টোবর ২০২৬
মূল ফটকে অবস্থান বন্দর রক্ষা কমিটির 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের মূল ফটকের সামনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। একপর্যায়ে অংশগ্রহণকারীদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে শ্রমিকদের উপস্থিতি বাড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করেন তারা।

অবস্থান কর্মসূচিতে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি বন্দরটির অন্যতম লাভজনক টার্মিনাল। তাই এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ যুক্তিসংগত নয়।

তাদের দাবি, দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে শ্রমিকদের কর্মসংস্থান সংকটের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় আরও বেশি পণ্য হ্যান্ডলিং ও আয় করার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন তারা।