মিরসরাইয়ে রাতে সড়ক সংস্কারে কৃষকদল
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে আবুতোরাব–আনন্দেরহাট–খেয়ারহাট সড়কের ভাঙা ও খানাখন্দে ভরা অংশ সংস্কারের কাজ শুরু করেছে উপজেলা কৃষকদল। রবিবার (৪ অক্টোবর) রাত থেকে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু হয়। দিনের বেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাতে সড়কের ভাঙা অংশ সংস্কার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙন থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। চলতি বর্ষায় সড়কটির বিভিন্ন অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় পথচারী মুসলিম উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন সড়কটি সংস্কারের ছয় মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে যায়। তার অভিযোগ, সংস্কারকাজে অনিয়মের কারণে সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।
মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মায়ানী ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আবুতোরাব–আনন্দেরহাট–খেয়ারহাট সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে।
আশরাফ উদ্দিন বলেন, এলজিইডির অধীনে একটি গ্রামীণ সড়ক সাধারণত তিন বছরের জন্য সংস্কার করা হয়। কিন্তু নিম্নমানের কাজের কারণে অনেক ক্ষেত্রে এক বছরের মধ্যেই সড়ক দেবে যায় বা ভেঙে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়।
তিনি বলেন, ‘কিছু অসাধু ঠিকাদারের সামান্য মুনাফার লোভে একটি বড় অংশের মানুষের দুর্ভোগ বাড়ে। ইতিমধ্যে মিরসরাইয়ে যেসব সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে, সেগুলো সংসদ সদস্য নুরুল আমিন সরেজমিনে তদারকি করছেন। অনিয়ম দেখলে কাজ বন্ধ করে দিচ্ছেন।’
আশরাফ উদ্দিন আরও বলেন, সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে যতটুকু সম্ভব জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনের বেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















