Cvoice24.com

চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৪৭, ৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামের সড়কে এবার সাইকেলের জন্য থাকছে আলাদা পথ। শুক্রবার (৯ অক্টোবর) নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। উদ্বোধনের পরই নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাক, যা যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন সুযোগ তৈরি করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকের নির্মাণকাজ ও উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে আমাদের অগ্রযাত্রার প্রতীক।’

তিনি জানান, চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কটির দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে নির্মাণ করা হয়েছে সাইকেল ট্র্যাক।

মেয়র বলেন, 'পৃথক সাইকেল লেন থাকায় আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং নগরে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়িয়ে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে।'

তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। নিরাপদ সাইকেল চলাচলের পরিবেশ তৈরি হলে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়বে, যানজট ও দূষণ কমবে এবং নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে। চট্টগ্রামকে একটি সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় তিনি ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণমান, নিরাপত্তা ও নাগরিকদের চলাচলের সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় ট্র্যাকটি ব্যবহারকারীবান্ধব, নিরাপদ ও নান্দনিকভাবে প্রস্তুত করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সচিব আজিজ আহমদ।