Cvoice24.com

কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
২০:৫৭, ৯ অক্টোবর ২০২৬
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

‘সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই সুরের ধারার সভাপতি প্রদীপ মল্লিক। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা ও অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা।

আলোচনা সভায় বক্তব্য দেন সুরের ধারার উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী তঞ্চঙ্গ্যা, শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলা তঞ্চঙ্গ্যা, রাঙুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত ধর, সুরের ধারার উপদেষ্টা দয়া রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং সংগঠনটির যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিকসহ অন্যরা।

আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সংগীত মানুষের মনকে শুদ্ধ করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কাপ্তাইয়ের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অনুরাগী, সংগীতপ্রেমী এবং সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শুদ্ধ সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।