কাপ্তাই সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। বনাঞ্চলের নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন স্থানে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার জানান, সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। বিলবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—‘সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।’
তিনি বলেন, জনসাধারণকে সচেতন করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এসব বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমসহ সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং কিংবা ঘুরতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়েছেন। পর্যটকেরা নিয়ম না মেনে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করায় দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছে বন বিভাগ।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত এলাকায় পর্যটকদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলের সীতার পাহাড়ে ঘুরতে গিয়ে সন্ধ্যায় পথ হারান কয়েকজন পর্যটক। পাহাড় থেকে নিচে নামার সময় তাদের একজন গুরুতর আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে নিয়ে আসেন।
বন বিভাগের পক্ষ থেকে পর্যটকদের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।
পাহাড় সব খবর















