Cvoice24.com

রাউজানে রায়হানের ৩ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাউজানে রায়হানের ৩ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাউজান থানা-পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা রাউজানের সন্ত্রাসী রায়হানের সহযোগী এবং তার নির্দেশনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টা ২৫ মিনিটে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তাবলিক নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাউজানের শাওয়াল খলিফার বাড়ির মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. জাফর (৩৮) ও মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসার কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ ও জাফর রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার নির্দেশনায় চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রায়হান ও তার সহযোগীদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক মামলা করা হয়েছে।