দইয়ের মেয়াদ নেই, মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি!
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার এবং মাছ বিক্রিতে কারচুপির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মানিক স্টোরে অনুমোদনহীন ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন কেমিক্যাল কেওড়াজল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেবব্রত দাসের মাছের দোকানে দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত চলবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












