লোহাগাড়ায় কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদ গ্রেপ্তার
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের কথিত লিডার মেহেজাদ হোসেন জিহাদ (১৯) প্রকাশ ডেভিড জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডস্থ (১নং ওয়ার্ড) উকিলের পাড়া গ্রামের মো. জাবেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেভিড জিহাদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় করা মামলায়ও তার নাম রয়েছে।
জানা যায়, গত ২৩ আগস্ট দুপুরে লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) স্কুল থেকে তুলে নিয়ে যায় কয়েকজন কিশোর। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন সহকর্মী নাজিমকে সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সহপাঠী আয়ানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
পুলিশের কাছে আয়ানকে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মুঠোফোনে একটি কল আসে বলে জানা গেছে। ওই কলের রেকর্ডে ডেভিড জিহাদ পরিচয়ে এক ব্যক্তি শিক্ষককে হুমকি দেন বলে অভিযোগ করেন জামাল উদ্দিন সুমন। ফোনালাপে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
এরপর গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় একদল কিশোর তাকে ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে লোহাগাড়া থানায় মামলা করা হয়। ওই মামলায় ডেভিড জিহাদসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল বলে পুলিশ জানিয়েছে। অবশেষে রোববার রাতে আমিরাবাদ স্টেশন এলাকা থেকে ডেভিড জিহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিট জিহাদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি শিক্ষককে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














