Cvoice24.com

পটিয়ায় কাজের সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল তরুণের

প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পটিয়ায় কাজের সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের পটিয়ায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুল হক পটিয়ার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মিজানুল বিভিন্ন এলাকায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রবিবার সকালেও প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে মোজাফফরাবাদ এলাকায় যান তিনি। সেখানে কাজ করার একপর্যায়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।