পর্যটনে গবেষণা-পরিকল্পনার ঘাটতি কাটানোর আহ্বান ডিসির
সিভয়েস২৪ প্রতিবেদক
পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা ও সুনির্দিষ্ট পরিকল্পনার ঘাটতি কাটানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘কোন শ্রেণির পর্যটককে আকৃষ্ট করা হবে, তাদের চাহিদা কী এবং কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন— এসব বিষয়ে পর্যাপ্ত গবেষণা ছাড়া পর্যটন খাতের টেকসই বিকাশ সম্ভব নয়।’
রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও লেকের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘এসব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার এখনো নিশ্চিত করা যায়নি। তৈরি পোশাক, প্রবাসী আয় ও কৃষির পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারে। পর্যটন বাংলাদেশের জন্য অমিত সম্ভাবনার একটি ক্ষেত্র। কিন্তু আমরা সেই সম্ভাবনাকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না।’
তিনি বলেন, ‘পর্যটন গন্তব্যের উন্নয়নে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না। কোন দেশের বা শ্রেণির পর্যটককে আকৃষ্ট করা হবে, তাঁদের প্রত্যাশা ও চাহিদা কী এবং তাঁদের জন্য কী ধরনের সেবা ও সুযোগ-সুবিধা প্রয়োজন- এসব বিষয়ে পরিকল্পিত গবেষণা দরকার। একই সঙ্গে দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।’
পর্যটন বিকাশে স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তাকে শুধু আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ না রেখে খাদ্যনিরাপত্তা, চলাচল, আবাসন ও সেবার মানকেও গুরুত্ব দিতে হবে। পর্যটকের সন্তুষ্টির পরিবর্তে তাৎক্ষণিক মুনাফাকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাও বদলাতে হবে।’
তরুণদের পর্যটন খাতে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘এ খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বড় সুযোগ রয়েছে। এ জন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ মালিক, ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’
হোটেল-রেস্তোরাঁর কর্মীদের তালিকা জেলা প্রশাসনে জমা দেওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের সঙ্গে আচরণ, স্বাস্থ্যবিধি, খাদ্যনিরাপত্তা ও সেবার মান বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
আলোচনা সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















