Cvoice24.com

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
১৭:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে দুটি জি-৩ রাইফেল, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। বেলা দেড়টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা একটি বস্তায় ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে যাওয়া হয়।

পরে বস্তায় থাকা আলুর নিচ থেকে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি ও চার কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ উসমান ও মোহাম্মদ আনসার আলী এবং টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ মুসলিম।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের রোববার বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির দাবি, উদ্ধার করা অস্ত্রের চালানটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।