Cvoice24.com

পতেঙ্গায় মিয়ানমার থেকে আনা স্ক্র্যাপ জব্দ, আটক ৭

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পতেঙ্গায় মিয়ানমার থেকে আনা স্ক্র্যাপ জব্দ, আটক ৭

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার সী বিচসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্ক্র্যাপ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, স্ক্র্যাপগুলো ফিশিং বোটে করে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে একটি কার্গো বোটে করে সেগুলো কর্ণফুলী চ্যানেলের দিকে নেওয়া হচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা স্ক্র্যাপ ও চোরাচালানে ব্যবহৃত বোটসহ আটক সাতজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।