Cvoice24.com

মাদ্রাসায় ফেরার কথা ছিল, খালে পড়ে প্রাণ গেল মিনহাজের

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
২১:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় ফেরার কথা ছিল, খালে পড়ে প্রাণ গেল মিনহাজের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় রাজখালী খালে এ ঘটনা ঘটে।

মিনহাজ ওই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিন দিন আগে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা ছিল।

তবে সকাল ৯টার দিকে মিনহাজ বাড়িতে সাইকেল রেখে এক বন্ধুর সঙ্গে বের হয়। রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধু পেছনে ফিরে মিনহাজকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, ‘মুহাম্মদ মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।