সাজেক ভ্রমণে বাড়লো ভাড়া, একদিনে দিতে হবে ৯ হাজার টাকা
সিভয়েস২৪ ডেস্ক
খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যেতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাহিন্দ্রা সিএনজির ভাড়া বেড়েছে ২০০ টাকা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়েছে।
খাগড়াছড়ি সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সাজেকগামী সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল।
এবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে ভাড়া সমন্বয় করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি।
নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া ৯ হাজার টাকা।
এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এক রাত যাপন ও নির্ধারিত পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ১২ হাজার ৫০০ টাকা দিতে হবে।
দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা। আর দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা।
খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।
নতুন তালিকায় খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়া-আসার গাড়িভাড়া ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে।
খাগড়াছড়ি থেকে বান্দরবান যাওয়া-আসার ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা। এক রাত অবস্থান করলে এর সঙ্গে অতিরিক্ত ৩ হাজার টাকা যোগ হবে।
জানা গেছে, নির্ধারিত এসব ভাড়া একটি গাড়ির জন্য। একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যাতায়াত করতে পারবেন। এ ছাড়া আনুষঙ্গিক খরচ হিসেবে সাজেকে প্রতিজন পর্যটকের জন্য ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা দিতে হবে।
রাত্রিযাপন করা গাড়ি সকালে না ফিরে বিকেলে ফিরলে নির্ধারিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা যোগ হবে।
ভাড়া বৃদ্ধির বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া বাড়ানো হয়েছে। সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা করে এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।
পাহাড় সব খবর















