রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, পুড়ল বসতবাড়ি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মো. করিম উল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বসতঘরটির বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. করিম উল্লা রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্দা ও আমিনুল হকের ছেলে।
করিম উল্লা জানান, আগুন লাগার পর কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাহাড় সব খবর















