সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
চার দিন ধরে জ্বর ছিল চার বছরের লামিয়া আক্তারের। বৃহস্পতিবার ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই শারীরিক অবস্থার অবনতি হয়ে শিশুটির মৃত্যু হয়। পরিবারের স্বজনদের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
লামিয়া আক্তার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ার পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির প্রয়াত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে। বৃহস্পতিবার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
লামিয়ার আত্মীয় মো. জিসান বলেন, চার দিন ধরে জ্বরে ভুগছিল লামিয়া। বৃহস্পতিবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর দ্রুত তাকে বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
প্রতিবেশী জাহিদুল আলম বলেন, ‘বাবা কোলে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তখনও তাকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।’
লামিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও সাম্প্রতিক মৃত্যুর তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত তিন শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে উপজেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














