মাদ্রাসা থেকে বের হওয়ার পরই নিখোঁজ, ৩ দিনেও মেলেনি সন্ধান
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজের তিন দিন পার হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ঘটনায় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিসবাহর বাবা মো. বশির আহমেদ।
জিডিতে তিনি উল্লেখ করেন, মিসবাহ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। মাদ্রাসার শিক্ষক ও স্বজনরাও তাকে খুঁজেছেন।
জিডি সূত্রে জানা গেছে, তার গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।
মিসবাহ’র বাবা বশির আহমেদ বলেন, ‘আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে থানায় জিডি করেছি। পুলিশ দেখবে বলেছে। এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমরা টেনশনে আছি।’
তার সন্ধান পেলে ০১৮২১-৫৩১৩৬৬ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














