Cvoice24.com

কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের স্থায়ী সমাধানের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের স্থায়ী সমাধানের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

কক্সবাজারের কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে দ্রুত স্থায়ী ও টেকসই সমাধানের উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নসংলগ্ন উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। উপকূলীয় জনপদ রক্ষায় ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এর আগে কুতুবদিয়ার পোল্ডার নং-৭১ এলাকায় ‘সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্প পরিদর্শনের কথা জানানো হয়েছিল। প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপকূলীয় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার ও স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।