Cvoice24.com

চুয়েটে ভিসি বদল, সায়েমকে ফেরানোর দাবিতে উপাচার্য ভবনে তালা

প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে ভিসি বদল, সায়েমকে ফেরানোর দাবিতে উপাচার্য ভবনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। মাত্র ৫৬ দিনের মাথায় সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। রাত ৮টার দিকে ছাত্রীদের আবাসিক হল বন্ধ হয়ে গেলেও রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে মিছিল শেষ হওয়ার পর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

সমাবেশে স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাহমিদা নুসাইবা বলেন, ‘দীর্ঘদিন পর আমরা যোগ্য ভিসি পেয়েছি। তিনি শিক্ষার্থীবান্ধব এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে স্যারকে পুনর্বহাল করতে হবে।’

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘আমরা উপাচার্য ভবনে তালা দিয়েছি। তালা খুলে শুধু সায়েম স্যারই ঢুকতে পারবেন। আর কেউ পারবেন না।’

এর আগে, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাদের বক্তব্য, অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।