চবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
‘গভীর সংকট থেকে জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়িয়েছে, ঐক্য ধরে রাখতে হবে’
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্ ফোরকান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তারুণ্যের প্রতীক তারেক রহমানকে পেয়ে আমরা আশান্বিত হয়েছি। গভীর সংকট থেকে জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়িয়েছে। আমাদের ঐক্যের জায়গাটি ধরে রাখতে হবে।’
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘চবিতে বিএনপি পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই একসঙ্গে আছেন। কাঁধে কাঁধ মিলিয়ে চবিকে এগিয়ে নিতে হবে।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম তার বক্তব্যে মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি দেশের দায়িত্ব নিয়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তার লক্ষ্য ছিল স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
সফিকুল ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও তার ভূমিকা ছিল।
অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম মাসুদুল আজাদ চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম, আব্দুল সবুর, খাইরুননবী ও আব্দুল মান্নান বক্তব্য দেন।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
ক্যাম্পাস সব খবর















